প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ AM

টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেতের আইল থেকে দুলাল হোসেন ওরফে দুলু (৫৫) নামে এক স্কুলের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুলাল হোসেন চটানপাড়া এলাকার কাঞ্চু শেখের ছেলে। তিনি কাকড়াজান ইউনিয়নের বড়চওনা রফিক-রাজু স্কুল শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলালের নিজ বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে তাঁর শ্বশুরবাড়ি। বুধবার সকালে স্থানীয় লোকজন শ্বশুরবাড়ির পাশের ধানক্ষেতের আইলে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দুলালকে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে যেতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
সখীপুর থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি