প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম

বাগেরহাটের মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। ওই দিন মোংলা পৌর শহরের পরিত্যক্ত শ্রমিক ভবন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বিল্লাল (৩২), বাচ্চু আকন, মো. আছাদ শেখ (৫১), জিয়াউল ইসলাম (৪৮), জামাল শেখ (৬০) ও সগীর হাওলাদার (৪৫)। তাঁদের সবার বাড়ি মোংলা পৌরসভার বিভিন্ন এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম জানান, গাঁজা সেবন, সংরক্ষণ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তিনি এবং অধিদপ্তরের উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম ও বিজয় কুমার মজুমদার পৃথক মোবাইল কোর্ট মামলা করেন।
পরে মোংলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ছয়জনের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
অভিযান শেষে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি