প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:৩৯ পিএম

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
পরে এলজিইডি কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভা শেষে এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন মীর শাহে আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল এবং মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ।
এ ছাড়া স্থানীয় এলজিইডি কার্যালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি