প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:১২ পিএম

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিরাপদ ও নিয়মিত অভিবাসন, দক্ষ কর্মীদের জন্য সুযোগ সম্প্রসারণ এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইইউর অভিবাসন ও স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় অভিবাসন ব্যবস্থাপনা, অভিবাসীদের প্রত্যাবর্তন, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসী চোরাচালানবিরোধী সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নিয়মিত অভিবাসন উৎসাহিত করতে ব্যবহারিক, চাহিদাভিত্তিক ও ফলাফলমুখী ‘মবিলিটি করিডোর’-এর মাধ্যমে বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীদের জন্য সুযোগ বাড়াতে ইইউ ও এর সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
শামা ওবায়েদ ইসলাম ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম)-এর লক্ষ্য বাস্তবায়নে সরকারের গৃহীত ‘জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) ২০২৬-২০৩০’-এর বিষয়টিও তুলে ধরেন।
সাক্ষাৎকালে ইইউ কমিশনার সংস্থাটির ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’ উপস্থাপন করেন। উৎস ও ট্রানজিট দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে ইইউতে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ করাই এ উদ্যোগের লক্ষ্য।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ উদ্যোগে বাংলাদেশের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন প্রতিরোধ ও মোকাবিলায় নথি জালিয়াতি এবং অপরাধী চক্রের বিরুদ্ধে উদ্যোগসহ বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলো কমিশনারকে অবহিত করেন।
তিনি নিয়মিত অভিবাসনের পথ সুগম করতে অনিয়মিত অভিবাসনের মূল কারণগুলো চিহ্নিত করা ও সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। এ সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের গুরুত্ব স্বীকার করে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বহুমুখী দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহত দ্বিপক্ষীয় সংলাপ ও ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার বিষয়ে একমত পোষণ করে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ