প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২৫ পিএম

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও ইউপি সদস্য কৃষ্ণ রায়, বিপুল সরদার ও গৌরাঙ্গসহ অনেকে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি