প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম

সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এ দেশে হিন্দু, মুসলিমসহ বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে হবে।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার নির্দেশনা দেন জেলা প্রশাসক। স্বেচ্ছাসেবকদের পরিচয় নিশ্চিত করতে পৃথক পরিচয়পত্র রাখার পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রতিমা বিসর্জনের যাতায়াতের জন্য পৃথক পথ নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল আহম্মেদ, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপির প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী, দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলামসহ আরও অনেকে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ