প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম

মা ইলিশ রক্ষায় ফেনী নদী ও এর মোহনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস।
শনিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এবং ইলিশ সম্পদ উন্নয়ন-সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানকালে নদীতে মাছ ধরার দৃশ্য চোখে পড়েনি। এ সময় ৩ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।
অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ ও মৎস্যজীবীরা সহযোগিতা করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ