প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর নির্দেশনায় ময়মনসিংহের নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে দুর্বার তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার নান্দাইল চৌরাস্তা মোড়ে দীর্ঘদিনের জমে থাকা ময়লার স্তূপ ও লতাপাতার জঙ্গল পরিষ্কারের মাধ্যমে এ অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত অভিযানের উদ্বোধন করেন।
সারাদেশে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি চালু করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। কর্মসূচির আওতায় ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে পরিচ্ছন্নতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অভিযানের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত উপস্থিত স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে। আপনারা এতে অংশ নেন এবং যার যার বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।’
ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি ও দুর্বার তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আবু রায়হানের নেতৃত্বে সংগঠনের প্রায় ৪০ থেকে ৪৫ জন তরুণ এ অভিযানে অংশ নেন।
অভিযানে স্বেচ্ছাসেবক মাজহারুল ইসলাম, এনামুল হক, এরশাদ, হৃদয় হাসান, মণ্ডল, রমজান, সানি, কামাল, দেলোয়ার, জাহাঙ্গীর, সাফায়েত, কাইয়ূম, রুবেল, মিজানসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এস পি