প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৪৪ পিএম

নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক কিরিলের ব্যাগ চুরির ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। ব্যাগটি উদ্ধারে বুধবার (৭ অক্টোবর) রাত থেকে অভিযান চালানো হচ্ছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানায়, নাটোর রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হলুদ কটি পরা এক যুবক জার্মান নাগরিক কিরিলের সঙ্গে কৌশলে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের পরা কটিটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে নিয়ে সটকে পড়েন ওই যুবক।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই রাতভর ব্যাগটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। ইতিমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে।’
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, শনাক্ত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং চুরি হওয়া ব্যাগটি উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি