প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম

নোয়াখালীর সেনবাগে ওমান প্রবাসী স্বামীর ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে মোসাম্মাৎ জান্নাতুল নাঈম (পমি) (২২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শাশুড়ি মোসাম্মাৎ রুপনদী (৬০) বাদী হয়ে অভিযুক্ত পুত্রবধূর বিরুদ্ধে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামের (শরীয়ত উল্যাহ মাস্টার বাড়ি) ওমান প্রবাসী মো. বেলায়েত হোসেন ওরফে রুবেলের সঙ্গে ফেনীর দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত আবুল বাশারের মেয়ে জান্নাতুল নাঈম (পমি)-এর বিয়ে হয়। তাঁদের দাম্পত্য জীবনে রাইশা (৩) নামে এক কন্যাসন্তান রয়েছে। প্রায় দেড় বছর আগে স্বামী বেলায়েত হোসেন রুবেল স্ত্রীকে বাড়িতে রেখে জীবিকার তাগিদে পুনরায় ওমানে যান।
পরবর্তীতে জান্নাতুল নাঈম (পমি) শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান। অভিযোগে উল্লেখ করা হয়, বাপের বাড়ি যাওয়ার সময় তিনি শ্বশুরবাড়ি থেকে ব্যবহৃত প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার (যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা), নগদ ১ লাখ টাকা ও পরনের জামাকাপড় নিয়ে যান।
এরপর গত ১৮ আগস্ট সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে জান্নাতুল নাঈম (পমি) তাঁর মা রিনুয়ারা বেগম (লাখি)-কে নিয়ে সেবারহাট বাজারে কেনাকাটা করতে যান। বাজারে পৌঁছে মাকে একটি দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে তিনি কৌশলে সটকে পড়েন। বেশ কিছুক্ষণ পর মা রিনুয়ারা বেগম (লাখি) মেয়েকে দেখতে না পেয়ে মোবাইলে কল দিলে তা বন্ধ পান। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি বিষয়টি প্রবাসী রুবেলের পরিবারকে জানান।
খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাঁর কোনো খোঁজ পাননি। পরবর্তীতে পরিবারের লোকজন ৩ বছরের শিশুকন্যা রাইশাকে উদ্ধার করে নিজেদের জিম্মায় নিয়ে আসেন।
এ বিষয়ে প্রবাসে থাকা ছেলের সঙ্গে পরামর্শ করে শাশুড়ি রুপনদী বাদী হয়ে সেনবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেন।
সেনবাগ থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ