প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।
এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৩২ জন, রাজশাহীতে ৩৩, সিলেটে ১৫২, চট্টগ্রামে ২৭৩, বরিশালে ১৩৯, ময়মনসিংহে ৮২, খুলনায় ১৩২ এবং রংপুর বিভাগে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ২০ জন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ