প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটুয়া নওপাড়া গ্রামে ফিসারির মাছের গাড়ির দ্বারা রাস্তা ভেঙে যাওয়ায় নিষেধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০/৩২ জন আহত হয়েছেন। ঘটনাটি বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামে ঘটেছে।
আহতদের মধ্যে নজরুল ইসলাম, বাবুল মিয়া, সোহেল মিয়া, সিজালক মিয়া, বকুলা খাতুন ও বাচ্চু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং ১৩ জন উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ছাড়া অন্যান্য আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নেন বলে জানা গেছে।
সরেজমিনে গেলে জানা যায়, চিটুয়া নওপাড়া গ্রামের আব্দুর রহমান একটি ফিসারিতে কৈ মাছের চাষ করেছেন। মাছ বিক্রি করলে মাছের ব্যাপারির গাড়ি দিয়ে মাছ নিতে থাকলে গ্রামীণ পাকা রাস্তা ভেঙে যায় দাবি করে একই গ্রামের সোনা মিয়া বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ