প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জারি করা গেজেট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) অর্থ বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সংযুক্তির বর্ণনা অনুযায়ী গেজেটের দুটি কপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অর্থ বিভাগ থেকে এস. আর. ও. নং ৩৪৮-আইন/২০২৬-এর গেজেট জারি করা হয়। সেই গেজেটের কপিও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। নতুন এই কাঠামো অনুযায়ী, গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন পে-স্কেল তিনটি ধাপে পুরোপুরি বাস্তবায়িত হবে। একই সঙ্গে চাকরিজীবীরা তাদের বকেয়া বেতনও পাবেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ