প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হাত তুলে মাদককে ‘না’ বলেছে আশুগঞ্জের শিক্ষার্থী ও তরুণরা। একই সঙ্গে নিজেদের মাদকমুক্ত রাখা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার শপথ নিয়েছে তারা।
বুধবার (৭ অক্টোবর) আশুগঞ্জ সার কারখানা কলেজ অডিটরিয়ামে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় এ শপথ নিয়েছে শিক্ষার্থী ও তরুণরা। আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা।
সভায় প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ মো. আলী আশরাফ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাইওয়ে সিলেট রিজিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আবু আসিফ আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. শওকত আলী।
আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের জিএম (এডমিন) মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশীদ ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক।
পরে উপস্থিত শিক্ষার্থী ও তরুণরা হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ নেন। তারা নিজেরা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ