
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা এক সন্তানের জননীকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার দিবাগত রাত ১১টার দিকে গৃহবধূ ঝুমুর খানম সেতু (২৭) বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে এবং পরে ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের চিকিৎসকেরা ঝুমুর খানম সেতুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে ওই গৃহবধূর স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে ঝুমুরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
গৃহবধূ ঝুমুর খানম সেতু আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। গত প্রায় সাড়ে পাঁচ বছর আগে সামাজিকভাবে গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের সঙ্গে ঝুমুরের বিয়ে হয়। বর্তমানে তাঁদের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
ঝুমুরের বাবা করিম খান জানিয়েছেন, বিয়ের পর থেকে মেয়ে, জামাতা, তাঁর মা, বোন ও বোনজামাতা কারণে-অকারণে ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছে।
এরই মধ্যে ঝুমুরের স্বামী কর্মের সুবাদে কুয়েত গমন করেন। পরবর্তীতে তাঁর (শাহারিয়া) মা রুনু বেগম, বোন নাজমিন বেগম, শারমিন, রিয়া ও নাজমিনের জামাতা সাইদুল হাওলাদারের প্ররোচনায় ঝুমুরের ওপর মানসিক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন শাহারিয়া।
একপর্যায়ে স্বামীর বাড়ি থেকে ঝুমুরকে তাঁর মেয়েসহ তাড়িয়ে দেওয়া হয়। সেই থেকে ঝুমুর তাঁর কন্যাকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন।
করিম খান আরও জানিয়েছেন, বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, পাঁচশ’ বরযাত্রী না আনাসহ ঝুমুর দেখতে সুন্দরী না হওয়ার অজুহাত তুলে দীর্ঘদিন থেকে শাহারিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঝুমুরকে মানসিক নির্যাতন করে আসছে।
ঘটনার দিন (৪ অক্টোবর) দিবাগত রাতে শাহারিয়া ভিডিও কল দিয়ে ঝুমুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে (ঝুমুর) বিষপান করে মরে যাওয়ার কথা বলেন। স্বামীর এ মানসিক নির্যাতন সইতে না পেরে পরিবারের সবার অজান্তে ঝুমুর বিষপান করেন।
পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাঁকে (ঝুমুর) উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার দুপুরে ঝুমুরকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (করিম) উল্লেখ করেছেন।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ব্যাপারে শাহারিয়া কাজী শাহাবুদ্দিনের পরিবারের কেউ কোনো কথা বলতে রাজি হননি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ