প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:৪১ পিএম

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত বিভাগের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
সকালে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্যসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। এ সময় পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন এবং পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিষয়ে নানা বার্তা তুলে ধরা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালিতে অংশ নেওয়া বক্তারা বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; প্রয়োজন পরিকল্পিত আবাসন, সুষ্ঠু নগর ব্যবস্থাপনা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের মৌলিক আবাসন সুবিধা নিশ্চিত করা। দ্রুত নগরায়ণের ফলে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, নগর ও গ্রাম—উভয় এলাকার মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করা টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এ র্যালির মাধ্যমে কুমিল্লায় পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন এবং টেকসই বসতি গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, নাগরিকদের জীবনমান উন্নয়ন ও একটি বাসযোগ্য নগর প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি সব পক্ষের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
স্বদেশ প্রতিদিন/এস পি