পিরোজপুর : পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা"। দিবসটি উপলক্ষে (১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় রিকের আয়োজনে পিরোজপুর শহরে একটি বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ওমান ভবন হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিকের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইনুল আহসান মুন্না, সমন্বয়কারী, রিক, আইএসআইজিওপি প্রকল্প। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন রেজা, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. শাহাবুদ্দিন শিকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। আরও বক্তব্য রাখেন উদ্দীপনের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর মিনারা বেগমসহ প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কমিটির সভাপতি-সম্পাদকসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। বক্তারা প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও তাদের অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করেন।
সাদুল্লাপুর (গাইবান্ধা): গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন। এ সময় ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ইউপি সদস্য আমিনুর রহমান ও শাহিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রেজওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রবীণ হিতেষী সংঘের সভাপতি, সাবেক শিক্ষক মোঃ আছসালাতুজ্জামান আরজু, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী প্রমূখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম রাব্বানী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমূখ। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদের সড়কগুলো প্রদক্ষিণ করে।
তজুমদ্দিন (ভোলা): দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। আজ ১লা অক্টোবর বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃসিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বনি আমিন।বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন,তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মানব সেবা সংস্থার সভাপতি রফিকুল ইসলাম সাদী,দীপাঞ্চল ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভান্ডার। তাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
চুয়াডাঙ্গা: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গার আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের কোর্টমোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে জেলার প্রবীণ জনগোষ্ঠী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দসড় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম তারিক-উজ-জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হক, আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ও প্রবীণ হিতৈষী সংঘের সদস্য হামিদুল হক মুন্সী।
মাদারগঞ্জ (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার। তাদের অবদানেই পরিবার, সমাজ ও রাষ্ট্র সমৃদ্ধ হয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে কোনো প্রবীণ যেন অবহেলা ও অনাদরে না থাকেন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, প্রবীণদের যথাযথ সম্মান, নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
শেরপুর: “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ) সকালে আয়োজিত র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, শেরপুরের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন আক্তার। সভাপতিত্ব করেন শেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল , জামায়াত নেতা , আব্দুল বাতেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত নাগরিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রবীণ জনগোষ্ঠীর মর্যাদা, অধিকার, নিরাপদ ও সুস্থ জীবনযাপন নিশ্চিতকরণ এবং সমাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ