প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম

ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ জনাব মো. মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা শিক্ষক সমাজ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম ঘটনার বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার ওপরও আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষক নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর এশার নামাজ আদায় করতে গেলে মনপুরা উপজেলা মডেল মসজিদের মধ্যে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন অধ্যক্ষ মো. মহিউদ্দিন। পূর্বশত্রুতার জের ধরে মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমের নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জনকে আসামি করে মনপুরা থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করেনি পুলিশ। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এফএইচ