রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম

ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তির বিষয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, দুই দেশের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যেই এগিয়ে যাবে।
তথ্য উপদেষ্টা বলেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও নেগোসিয়েশন করবে বাংলাদেশ। কোনো দেশের শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না বলেও উল্লেখ করেন তিনি।
বিমান কেনার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ বোয়িং বা এয়ারবাস যেটিই কিনুক না কেন, তা দেশের প্রয়োজন বিবেচনা করেই কেনা হবে।
এ সময় দেশে এলপিজি সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে তিনি জানান, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে।
তিনি বলেন, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় আমদানিকারক ও অপারেটররা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে দেশে এলপিজির কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি