
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর ফলে আগামী ১ অক্টোবরের মধ্যে তাদের যোগদান করানোর ক্ষেত্রে আর কোনো প্রশাসনিক বাধা থাকছে না। যোগদানের পর তাদের পদায়ন নিয়েও অনিশ্চয়তা থাকবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর বিষয়ে প্রশাসনিক আদেশ পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার এতে স্বাক্ষর করেছেন। মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আদেশ অধিদপ্তরে পৌঁছানোর পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে যোগদান
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই নতুন শিক্ষকদের যোগদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, ১ অক্টোবরের মধ্যেই সুপারিশপ্রাপ্ত সব সহকারী শিক্ষক যোগদানপত্র হাতে পাবেন। এরপর তাদের কর্মস্থল নির্ধারণ করে পদায়ন করা হবে।
প্রশিক্ষণের আগে ক্লাস নেওয়ার সুযোগ নেই
যোগদানের পরপরই নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠিয়ে ক্লাস নেওয়ানো হবে না। প্রথমে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ জানান, চাকরির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পদায়নের পর তাদের দুই মাসের প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রশিক্ষণ শেষ হওয়ার পরই তারা বিদ্যালয়ে পাঠদান শুরু করতে পারবেন। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার আগে নতুন শিক্ষকদের ক্লাসে পাঠানো হবে না বলেও জানান তিনি।
প্রশিক্ষণে ফেল করলে নিয়োগ বাতিল?
নতুন শিক্ষকদের প্রশিক্ষণে উত্তীর্ণ না হলে চাকরি বাতিল করা হবে কি না, তা নিয়েও আগে আলোচনা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন ওঠার পর প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিয়োগের শর্ত হতে পারে বলে আলোচনা তৈরি হয়েছিল।
তবে বর্তমানে প্রশিক্ষণের মূল্যায়নে উত্তীর্ণ হতে না পারার কারণে কারও নিয়োগ বাতিল করা হবে না—এমন অবস্থানের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।
এ বিষয়ে নেপ মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, প্রশিক্ষণে উত্তীর্ণ হতে না পারলে কারও নিয়োগ বাতিল হবে—এমন সিদ্ধান্ত তিনি জানেন না। তবে এ ধরনের কোনো বিষয় প্রশিক্ষণ মডিউলে রাখা হবে কি না, সে বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে।
১৪ হাজার ৩৮৪ জনের নিয়োগ প্রক্রিয়া
গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা এ পরীক্ষার আওতায় ছিল না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
পরে গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয় এবং জেলা অনুযায়ী উত্তীর্ণদের তালিকাও প্রকাশ করা হয়।
লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ শেষ করে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও এতদিন এসব প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিতে পারেননি। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ১ অক্টোবরের মধ্যে তাদের যোগদান ও পদায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল। এবার প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে সেই প্রক্রিয়াই আরও এক ধাপ এগিয়ে গেল।
স্বদেশ প্রতিদিন/এফএইচ