প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণয়ে রূপ নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও লোকসভা সদস্য প্রিয়া সরোজের। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর ভারতের লখনউয়ের একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি বিশেষ অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রিংকুর সতীর্থদেরও বিয়েতে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গেছে।
যেভাবে শুরু হয়েছিল প্রেম
গত বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে প্রিয়া সরোজের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন রিংকু সিং। তার ভাষ্য অনুযায়ী, করোনাকালে মুম্বাইয়ে আইপিএল চলার সময় একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি প্রথম দেখেন তিনি।
ছবি দেখেই প্রিয়ার প্রতি আকৃষ্ট হন রিংকু। তবে সরাসরি বার্তা পাঠাতে কিছুটা দ্বিধায় ছিলেন। পরে প্রিয়া তার কয়েকটি ছবিতে লাইক দিলে আত্মবিশ্বাস পান তিনি। এরপর রিংকুই তাকে বার্তা পাঠান।
সেখান থেকেই নিয়মিত যোগাযোগ শুরু হয় দুজনের মধ্যে। ম্যাচের আগেও তাদের কথা হতো বলে জানিয়েছিলেন এই ক্রিকেটার। ২০২২ সাল থেকে প্রিয়ার প্রতি নিজের ভালোবাসার বিষয়টি অনুভব করতে শুরু করেন বলেও জানান তিনি।
কে এই প্রিয়া সরোজ?
প্রিয়া সরোজ উত্তর প্রদেশের রাজনীতিবিদ ও আইনজীবী। ২৩ নভেম্বর ১৯৯৮ সালে জন্ম নেওয়া প্রিয়া সমাজবাদী পার্টির হয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের মছলিশহর আসন থেকে নির্বাচিত হন। আসনটি তফশিলি জাতির জন্য সংরক্ষিত।
ক্রিকেটে রিংকুর উত্থান
রিংকু সিংয়ের জন্ম ১২ অক্টোবর ১৯৯৭ সালে উত্তর প্রদেশের আলীগড়ে। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় দলে জায়গা করে নেন তিনি।
ভারতের হয়ে এখন পর্যন্ত ৪৮টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন রিংকু। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন এই বাঁহাতি ক্রিকেটার।
দীর্ঘ চার বছরের সম্পর্কের পর রিংকু ও প্রিয়ার বিয়ের খবর প্রকাশ্যে আসায় ভারতীয় ক্রিকেট ও রাজনীতির অঙ্গনে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ