প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম

২০২৩ সালে মেটা তাদের নিজস্ব খুদে ব্লগ লেখার প্ল্যাটফর্ম ‘থ্রেডস’ চালু করার পর দীর্ঘদিন এক্স (সাবেক টুইটার) ব্যবহার বন্ধ রেখেছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে দীর্ঘ তিন বছরের বিরতি পেরিয়ে তিনি সম্প্রতি আবার প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্সে নিয়মিত পোস্ট করা শুরু করেছেন। প্রযুক্তিবিশ্বে এ নিয়ে তৈরি হওয়া কৌতূহলের জবাবে সম্প্রতি এক পডকাস্টে জাকারবার্গ তার কারণ ব্যাখ্যা করেছেন।
জাকারবার্গের মতে, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন কমিউনিটি ও ব্যবহারকারীর উপস্থিতি রয়েছে। বিশেষ করে মেশিন লার্নিং ও এআই গবেষণার সাথে যুক্ত উল্লেখযোগ্য একটি অংশ এখনো এক্সে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করেন। তাই ওই নির্দিষ্ট গবেষক ও ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর জন্যই এক্সে তার সক্রিয় থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।
বর্তমানে কনটেন্ট প্রকাশের কৌশলকে পডকাস্টের সাথে তুলনা করে জাকারবার্গ জানান, থ্রেডস ভালো করা সত্ত্বেও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে তিনি একই তথ্য থ্রেডস ও এক্স—উভয় প্ল্যাটফর্মেই প্রকাশ করেন। মানুষের সাথে যোগাযোগের মূল উদ্দেশ্যই হলো তারা যেখানে রয়েছে সেখানে গিয়ে তাদের সাথে যুক্ত হওয়া—এই দর্শন থেকেই তিনি প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মেও নিজের সক্রিয়তা বজায় রেখেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি