
প্রাথমিক শিক্ষার্থীদের শুধু বইভিত্তিক জ্ঞান নয়, বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা ও নিরাপত্তাবোধ গড়ে তুলতে নতুন কারিকুলামে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, নির্দিষ্ট একটি মাসে একটি নির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মাসের বিভিন্ন বিষয়ের পাঠেও সেই থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদাহরণ, প্রশ্ন ও আলোচনা যুক্ত করা হবে।
বুধবার রাজধানীর একটি হোটেলে হেইলিবেরি ভালুকা ও কেমব্রিজের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেফগার্ডিং লিডারশিপ সামিটে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন না করে, পাশাপাশি নিরাপদে থাকা, দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা করা এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সামলানোর মতো বাস্তব জীবনদক্ষতাও অর্জন করে—নতুন কারিকুলামে সে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, বছরের ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ বিষয়কে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে। এসব থিম শুধু কোনো একটি বিষয়ের পাঠে সীমাবদ্ধ থাকবে না; বরং সংশ্লিষ্ট মাসে বিভিন্ন বিষয়ের পাঠের সঙ্গে সেগুলোকে সমন্বয় করা হবে। ফলে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বিষয়বস্তুর সঙ্গে নিজেদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সম্পর্ক সহজে বুঝতে পারবে।
উদাহরণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, কোনো মাসে যদি অগ্নিনিরাপত্তা নির্ধারিত থিম হয়, তাহলে গণিত, ভাষা ও অন্যান্য বিষয়ের পাঠেও অগ্নিনিরাপত্তা-সম্পর্কিত উদাহরণ, প্রশ্ন ও আলোচনা যুক্ত করা যেতে পারে। এতে একই সঙ্গে একাডেমিক জ্ঞান এবং বাস্তব জীবনে প্রয়োজনীয় সচেতনতা তৈরি হবে।
পরিকল্পনায় সড়ক নিরাপত্তা, পানিতে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং দুর্যোগ মোকাবিলাসহ শিশুদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিভিন্ন বিষয়কে পর্যায়ক্রমে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে, যেখানে প্রতিটি শিশু নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে আসতে পারবে এবং শ্রেণিকক্ষে কার্যকরভাবে শিখতে পারবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার পাশাপাশি জীবনদক্ষতা শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম নিরাপত্তা ও শিক্ষার মান নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। নির্ধারিত মানের চেয়ে ভালো ব্যবস্থা রয়েছে—এমন প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নতির সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সরকারের নীতিমালা ও সহযোগিতার মাধ্যমে দেশব্যাপী প্রাথমিক শিক্ষার জন্য একটি অভিন্ন মানদণ্ড তৈরির লক্ষ্য রয়েছে বলেও জানান ববি হাজ্জাজ।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি