প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৪৯ জন ডেঙ্গু আক্রান্ত এবং ১০০ জন সন্দেহজনক হামের রোগী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পৃথক দুটি স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ৩৬ জন চিকিৎসা নিয়েছেন।
এ সময়ে খুলনা জেলায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে খুলনা জেলায় ৩৮৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৯৩ জন।
এদিকে খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৮৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
এই সময়ে খুলনায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ল্যাবরেটরি পরীক্ষায় এ পর্যন্ত ৩৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিতভাবে শনাক্ত হওয়া হাম রোগীদের মধ্যে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, সন্দেহজনক হামের রোগীদের মধ্যে এ পর্যন্ত বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে একই সময়ে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় খুলনা বিভাগের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি