
ইয়েমেনের লোহিত সাগর উপকূল ধরে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে হুতিরা। সাম্প্রতিক অগ্রযাত্রায় দেশটির উপকূলীয় কয়েকটি এলাকার দখল নেওয়ার পর তাদের সামরিক সক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক সুবিধা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, নতুন দখল করা অঞ্চল থেকে দ্রুত বড় অঙ্কের রাজস্ব পাওয়ার সম্ভাবনা খুব বেশি নয়।
আল-জাজিরার ইয়েমেনবিষয়ক সম্পাদক আহমেদ আল-শালাফির মতে, হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা মূলত ভৌগোলিক ও সামরিক সাফল্য। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার না হওয়া এবং বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে নতুন নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে বাণিজ্যিক সুবিধা নেওয়া তাদের জন্য সহজ হবে না।
তবে নতুন করে ভূখণ্ড দখলের অনেক আগেই নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় রাজস্ব আদায়ের একটি কাঠামো তৈরি করেছে হুতিরা। ২০১৪ সালের সেপ্টেম্বরে রাজধানী সানা দখলের পর কর, শুল্ক, জাকাতসহ বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা গড়ে তোলে তারা। মোকা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের জুলাইয়ের এক প্রতিবেদনে এই ব্যবস্থাকে ‘সমান্তরাল অর্থনীতি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ কোটি ডলারের আর্থিক সম্পদ তৈরি হয়। এর মধ্যে কর ও শুল্ক থেকে প্রায় ৮০ কোটি ডলার এবং বিভিন্ন ফি ও অন্যান্য আদায় থেকে প্রায় ৬০ কোটি ডলার আসে। যুদ্ধের জন্য নগদ অর্থ ও পণ্য সহায়তা হিসেবেও প্রায় ৩০ কোটি ডলার পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বেসরকারি খাতেও নিয়ন্ত্রণ
হুতিদের অর্থনৈতিক প্রভাব শুধু কর ও শুল্ক আদায়ের মধ্যে সীমিত নয়। সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, বিদেশি কোম্পানির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করা ৪ হাজার ২২৫টি বাণিজ্যিক এজেন্সির লাইসেন্স বাতিল করেছে হুতি কর্তৃপক্ষ।
এসব প্রতিষ্ঠানের জায়গায় হুতিদের ঘনিষ্ঠ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও হুতিদের দাবি, তিন বছর ধরে নিবন্ধন নবায়ন না করায় এসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইয়েমেন অ্যান্ড গালফ সেন্টার ফর স্টাডিজের অর্থনীতি গবেষক হুসাম আল-সাইদির মতে, বেসরকারি খাতে এই পরিবর্তন পরিকল্পিত। তার ধারণা, বিদ্যমান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ধীরে ধীরে মালিকানা হুতিদের অনুকূলে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতা কিংবা সামরিক বিজয়—যে পরিস্থিতিই তৈরি হোক, নিজেদের অর্থের প্রবাহ নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
তবে হুতিরা এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, অর্থনৈতিক পদক্ষেপগুলোর লক্ষ্য দেশীয় উৎপাদন, বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসার বিকাশ এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করা।
মোকা সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, প্রায় ৬৮ হাজার বাণিজ্যিক নথির মধ্যে ২৬ শতাংশ সাধারণ বাণিজ্য ও আমদানিসংক্রান্ত এবং ১৮ শতাংশ খাদ্যপণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত।
তেল ও চোরাচালান
রাজস্ব আদায়ের পাশাপাশি তেলবাণিজ্য ও চোরাচালানকেও হুতিদের অর্থের অন্যতম উৎস হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের জানুয়ারির অভিযোগ অনুযায়ী, অবৈধ তেল বিক্রির মাধ্যমে হুতিরা বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান হুতিদের তেল সরবরাহ করে এবং দুবাইভিত্তিক ইরানি মালিকানাধীন বা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে এসব লেনদেন পরিচালিত হয়। তবে হুতিরা ইরানি জ্বালানি ব্যবহার করে অর্থ সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে।
আল-সাইদির মতে, জ্বালানি খাতে হুতিদের দীর্ঘদিনের প্রভাব রয়েছে। চোরাচালানের মাধ্যমে আনা তেল স্থানীয় বাজারে বিক্রি এবং জ্বালানির দামের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমেও তারা অর্থ আয় করে।
অস্ত্র, তেল ও অর্থ পাচারে চোরাচালান নেটওয়ার্ক ব্যবহারের অভিযোগও রয়েছে হুতিদের বিরুদ্ধে। এসব লেনদেনে তৃতীয় পক্ষ, স্থানীয় মানি এক্সচেঞ্জ এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের কথাও জানিয়েছেন আল-সাইদি।
অর্থনৈতিক সংকটে বাড়ছে চাপ
ইয়েমেনে যখন গভীর অর্থনৈতিক ও মানবিক সংকট চলছে, তখন হুতিদের এই রাজস্বব্যবস্থা নিয়ে প্রশ্নও বাড়ছে। জাতিসংঘের হিসাবে, গত মার্চে দেশটির ২ কোটি ২৩ লাখ মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন ছিল।
হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় সরকারি কর্মচারীদের বড় অংশ দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। একই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে এসব এলাকায় মানুষের অসন্তোষও বাড়ছে।
আহমেদ আল-শালাফির মতে, হুতিরা যুদ্ধ ও সামরিক সংঘাতকে অর্থনৈতিক সংকটের সঙ্গে যুক্ত করেছে। সামরিক ব্যয় মেটানোর যুক্তিতে বিভিন্ন ধরনের কর ও চাঁদা আদায় করা হচ্ছে। সরকারি কর্মীদের বেতন পরিশোধে বিলম্বের ক্ষেত্রেও একই ধরনের যুক্তি দেখানো হচ্ছে।
হুতিদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর সরকার নিয়ন্ত্রিত এডেনে সরিয়ে নেওয়া এবং তেল-গ্যাসের রাজস্বের নিয়ন্ত্রণ হারানোর কারণে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতির জন্য তারা সৌদি আরবকে দায়ী করে।
বাব আল-মানদেব থেকে কতটা লাভ?
হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রার পর এখন বড় প্রশ্ন হলো, লোহিত সাগরের উপকূল, বন্দর এবং বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকার নিয়ন্ত্রণ তাদের কতটা অর্থনৈতিক সুবিধা দেবে।
আহমেদ আল-শালাফির মতে, বাব আল-মানদেব ও মোকা উপকূলের নিয়ন্ত্রণ থেকে হুতিদের তাৎক্ষণিক বড় অর্থনৈতিক সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। বরং এসব কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
ইতিমধ্যে ইয়েমেনে হুতি ও সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে দুটি পৃথক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। অর্থাৎ একই দেশের ভেতরে কার্যত দুটি সমান্তরাল অর্থনীতি চলছে।
হুসাম আল-সাইদির মতে, এই বিভক্ত অর্থনৈতিক কাঠামো থেকে বের হওয়ার জন্য হয় কোনো এক পক্ষকে সামরিকভাবে পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে হবে, নয়তো একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ