প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পেকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফরাসি ফরোয়ার্ডের আত্মবিশ্বাসী মন্তব্যের জবাবে ইয়ামাল জানিয়েছেন, গত মৌসুমে তাঁর অর্জন ও পারফরম্যান্স বিবেচনায় এবারের ব্যালন ডি’অর তাঁরই প্রাপ্য।
মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, তাঁর দৃষ্টিতে এমবাপ্পে ও তিনিই বর্তমানে বিশ্বের সেরা দুই ফুটবলার। তবে গত মৌসুমে যে শিরোপাগুলো তিনি জিতেছেন, সেগুলো বিবেচনায় ব্যালন ডি’অর নিজের পাওনা বলে মনে করেন এই স্প্যানিশ তারকা।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন ইয়ামাল। ৪৫ ম্যাচে তিনি করেন ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট। তাঁর পারফরম্যান্সের ওপর ভর করে বার্সেলোনা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে।
জাতীয় দল স্পেনের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। স্পেনের হয়ে ১২ ম্যাচে তাঁর গোল একটি এবং অ্যাসিস্ট তিনটি। পাশাপাশি বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবেও তিনি ছিলেন।
তবে ব্যালন ডি’অরের এবারের দৌড়ে শুধু ইয়ামাল বা এমবাপ্পে নন, আলোচনায় রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনও। অনেকের বিবেচনায় তিনিই বর্তমানে পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে কেইন করেছেন ৭৩ গোল ও ৮ অ্যাসিস্ট। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছেন। পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর লন্ডনে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে এবার প্যারিসের বাইরে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছিল।
স্বদেশ প্রতিদিন/এস পি