
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, লেখক ও সাহিত্যচিন্তক ড. সাঈদ-উর রহমান আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক সাঈদ-উর রহমান ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক, গবেষক, লেখক ও সাহিত্যচিন্তক। শিক্ষা ও গবেষণায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রোববার বাদ মাগরিব উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি মসজিদে অধ্যাপক সাঈদ-উর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
শিক্ষা ও শিক্ষকতা
অধ্যাপক সাঈদ-উর রহমান ১৯৪৮ সালের ২৬ মার্চ কুমিল্লার শিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে কুমিল্লা জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৬৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।
১৯৮০ সালে ফরাসি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেন সাঈদ-উর রহমান। ‘পূর্ববাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ও সমকালীন কবিতা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯৭৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯১ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
সাহিত্য ও গবেষণায় অবদান
মধ্যযুগের বাংলা সাহিত্য, বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস এবং মার্কসবাদ ছিল অধ্যাপক সাঈদ-উর রহমানের গবেষণা ও লেখালেখির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মধ্যযুগের সাহিত্য নিয়ে তিনি বিভিন্ন আলোচনা ও সমালোচনামূলক প্রবন্ধ লিখেছেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘চারু মজুমদার ও অন্যান্য প্রসঙ্গ’, ‘পূর্ববাংলার সাংস্কৃতিক আন্দোলন’, ‘পূর্ববাংলার রাজনীতি-সংস্কৃতি ও কবিতা’ এবং ‘এ কেমন বাংলাদেশ’। এ ছাড়া ‘মার্কস ও মার্কসবাদীদের সাহিত্যচিন্তা’ গ্রন্থটি তিনি সম্পাদনা করেন।
মুক্তিযুদ্ধের সময়ও সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে রণাঙ্গনে কাজ করেন। পরবর্তী সময়ে ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গবেষণা ও সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুর রব চৌধুরী স্বর্ণপদক লাভ করেন। ২০০৩ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
অধ্যাপক সাঈদ-উর রহমানের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগও গভীর শোক প্রকাশ করেছে। বিভাগের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ