সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ব্রিকস কি অর্থনৈতিক জোট, নাকি পশ্চিমা প্রভাবের বিকল্প শক্তি?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম

বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় ভারতের নয়াদিল্লিতে বসছে ব্রিকসের ২০২৬ সালের সম্মেলন। সম্প্রসারণের পর জোটটির সদস্যসংখ্যা যেমন বেড়েছে, তেমনি আন্তর্জাতিক অর্থনীতি ও কূটনীতিতে এর গুরুত্বও আগের তুলনায় অনেক বেশি। তবে জোটের সদস্যদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য থাকায় অভিন্ন অবস্থান তৈরি করা কঠিন হয়ে উঠছে।

চীন, রাশিয়া ও ইরানের মতো গুরুত্বপূর্ণ সদস্যদেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণ এবারের সম্মেলনকে অ-পশ্চিমা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক আয়োজন হিসেবে সামনে এনেছে। পশ্চিম এশিয়ার সংঘাত, ইউক্রেন যুদ্ধ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কার এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে সম্মেলনে আলোচনা বিশেষ গুরুত্ব পেতে পারে।

এবার ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারতের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তবে ২০২৩ সালের জি-২০ সম্মেলনের তুলনায় নয়াদিল্লিতে এবারের আয়োজন অনেকটাই সংযত। বড় ধরনের জাঁকজমক বা ব্যাপক প্রচারের বদলে প্রস্তুতিও রাখা হয়েছে তুলনামূলক নীরবভাবে।

ব্রিকস এখন যুক্তরাষ্ট্রেরও বিশেষ নজরে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ব্রিকসের সদস্যরা আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর বা ‘ডি-ডলারাইজেশন’ পথে এগোলে তাদের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হতে পারে।

অন্যদিকে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত ব্রিকসের অভ্যন্তরীণ মতপার্থক্যও সামনে এনেছে। ইরান ও সংযুক্ত আরব আমিরাত একই জোটের সদস্য হলেও আঞ্চলিক সংঘাতের বিভিন্ন প্রশ্নে তাদের অবস্থান এক নয়। ফলে সদস্যসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জোটের মধ্যে ঐকমত্য তৈরির চ্যালেঞ্জও বেড়েছে।

ব্রিকসের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, গত এক দশকের বেশি সময়ে জোটটি বাস্তবে কতটা অর্জন করতে পেরেছে। ২০১৪ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার পর অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কিছু অগ্রগতি হলেও এর সাফল্যের তালিকা এখনো খুব দীর্ঘ নয়।

তবে ভারতের জন্য এবারের সম্মেলন বড় কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। বিশেষ করে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মতো পরস্পরবিরোধী অবস্থানে থাকা দুই অংশীদারকে একই জায়গায় এনে কোনো যৌথ ঘোষণা বা অভিন্ন অবস্থান তৈরি করতে পারলে ভারতের মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্যতা বাড়তে পারে।

পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার পর ভারতের জন্য এ ধরনের সাফল্য আরও তাৎপর্যপূর্ণ হতে পারে। পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় সাফল্যের দাবি করলেও সেই উদ্যোগের সমঝোতা বেশিদিন স্থায়ী হয়নি।

এর আগে ২০২৩ সালে জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তুলনামূলক গ্রহণযোগ্য ভাষা তৈরিতে ভারত ভূমিকা রেখেছিল। এবারও ব্রিকসের ভেতরে বড় কোনো বিরোধ এড়িয়ে ঐকমত্য ধরে রাখতে পারা নয়াদিল্লির জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হতে পারে।

ইউক্রেন যুদ্ধ নিয়েও ভারতের সক্রিয়তা অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তার কথা বলেছেন। একই সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ইউক্রেন সফরে গিয়ে যুদ্ধ বন্ধে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব দেন।

ব্রিকসের যাত্রা অবশ্য শুরু হয়েছিল অর্থনৈতিক সম্ভাবনার ধারণা থেকে। ২০০১ সালে গোল্ডম্যান স্যাকসের একটি গবেষণাপত্রে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থনীতির সম্ভাবনা বোঝাতে ‘ব্রিক’ শব্দটি ব্যবহার করা হয়। পরে ২০০৬ সালে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন এবং ২০০৯ সালে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর জোটটির নাম হয় ব্রিকস। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ২০১৪ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পশ্চিমা নিয়ন্ত্রিত প্রচলিত আর্থিক কাঠামোর বাইরে একটি বিকল্প উন্নয়ন অর্থায়নব্যবস্থা তৈরির উদ্যোগ নেয় জোটটি।

পরবর্তী সময়ে ব্রিকসের এজেন্ডায় ভূরাজনৈতিক বিষয়ও ক্রমেই গুরুত্ব পেতে থাকে। ভারত-চীন সীমান্ত সংঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিতে পরিবর্তনের মতো ঘটনা জোটটির অভ্যন্তরীণ সমীকরণকে প্রভাবিত করেছে।

২০২৩ সালে ব্রিকস সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। নতুন সদস্যদের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থনের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সৌদি আরবকে পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হলেও দেশটি মূল ব্রিকস সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিত্ব করেনি। তারা শুধু আউটরিচ সম্মেলনে অংশ নিয়েছিল।

এদিকে ভারত এখন ব্রিকসের আরও সম্প্রসারণের বিষয়ে আগের তুলনায় সতর্ক অবস্থান নিয়েছে। এতে জোটটির ভবিষ্যৎ কাঠামো ও লক্ষ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ট্রাম্পের প্রত্যাবর্তন, চীনের অর্থনৈতিক উত্থান, রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের বিরোধ এবং বিভিন্ন অঞ্চলে সংঘাত—সব মিলিয়ে ব্রিকস আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রীয় আলোচনায় উঠে এসেছে।

তবে জোটটির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—ব্রিকসের চূড়ান্ত লক্ষ্য কী? এটি কি কেবল অর্থনৈতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে থাকবে, নাকি পশ্চিমা প্রভাবের বিকল্প একটি শক্তিশালী ভূরাজনৈতিক জোটে পরিণত হবে? সদস্যদের মধ্যে মতপার্থক্য দূর করে অভিন্ন লক্ষ্য নির্ধারণ করতে পারাই আগামী দিনে ব্রিকসের সবচেয়ে বড় পরীক্ষা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  ব্রিকস সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close