প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ বিবেচনায় খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটটি আদালতের আজকের কার্যতালিকায় ১১৯ নম্বর ক্রমিকে ছিল।
এর আগে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। গত বছরের ১২ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন গত ১ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে ১২ মে জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছিল। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিতের আবেদনও করা হয়।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. নুরনবী বুলবুল ও মোহাম্মদ ইউনুছ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, রিট আবেদনটি যথাযথভাবে করা হয়নি উল্লেখ করে আবেদনকারীপক্ষ তা আদালতে উপস্থাপন না করার কথা জানায়। এরপর আদালত রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
তবে আজকের আদালতের আদেশটি রিটের বিষয়বস্তুর ওপর কোনো চূড়ান্ত বৈধতা নির্ধারণ নয়; রিটটি যথাযথভাবে উপস্থাপন না করায় ‘উত্থাপিত হয়নি’ হিসেবে খারিজ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি