প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম

চট্টগ্রামে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সৈনিক আবু বকর সিদ্দিক ওরফে পিয়াসের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামরিক মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
নিহত পিয়াস কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। চার বোনের একমাত্র ছোট ভাই ছিলেন তিনি। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের কারণে এলাকায় সবার কাছে প্রিয় ছিলেন পিয়াস।
পরিবার সূত্রে জানা যায়, চাকরির সুবাদে স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন তিনি। দেশের দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারকে ঘিরেও ছিল তার ছোট্ট সংসার। মাত্র ১৮ মাস আগে তার ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান ফাতেমা।
নিহতের চাচা মোশারেফ হোসেন বলেন, মেয়েকে ঘিরে পরিবারে যখন আনন্দ-উচ্ছ্বাস, তখনই পিয়াসের মৃত্যুর খবর আসে। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই ছোট্ট ফাতেমাকে বাবাকে হারাতে হলো।
পিয়াসের ভগ্নীপতি আবু সাঈদ জানান, ছোটবেলা থেকেই পিয়াস ছিলেন শান্ত ও সহজ-সরল প্রকৃতির। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। তার অমায়িক ব্যবহারের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছেও তিনি অত্যন্ত প্রিয় ছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মালিপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে সকালে বাড়িতে ছুটে আসেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা জানান, সামরিক মর্যাদায় গার্ড অব অনার দিয়ে পিয়াসকে দাফন করা হয়েছে। দেশের সেবায় নিয়োজিত একজন তরুণ সেনাসদস্যের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি