
ব্যালন দ’রের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য ১০ জনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। মঙ্গলবার প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন ২০২৬ বিশ্বকাপে কেইপ ভার্ডের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা ভজিনিয়া। প্রত্যাশিতভাবেই মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী স্পেনের উনাই সিমনও।
বিশ্বকাপে আলো ছড়িয়েছেন ভজিনিয়া
কেইপ ভার্ডের ইতিহাস গড়া বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভজিনিয়া। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় তার দল। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে কেইপ ভার্ড।
শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষেও দারুণ প্রতিরোধ গড়ে তোলে তারা। তবে শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি।
চার ম্যাচে ভজিনিয়া মোট ১৮টি সেভ করেন। এর মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে আটটি এবং স্পেনের বিপক্ষে সাতটি সেভ ছিল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৩০ ম্যাচের ১৩টিতেই গোল হজম করেননি এই গোলরক্ষক।
সিমনের সঙ্গে গার্সিয়া-রাইয়াও তালিকায়
বিশ্বকাপজয়ী স্পেনের গোলবার সামলানো উনাই সিমনও রয়েছেন পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে। পুরো বিশ্বকাপে মাত্র একটি গোল হজম করেন তিনি। ক্লাব পর্যায়ে আথলেতিক বিলবাওয়ের হয়ে গত মৌসুমে ৬২ ম্যাচ খেলেছেন সিমন, যার মধ্যে ২২ ম্যাচে কোনো গোল হজম করেননি।
স্পেনের আরও দুই গোলরক্ষক জায়গা পেয়েছেন মনোনয়ন তালিকায়—বার্সেলোনার জোয়ান গার্সিয়া ও আর্সেনালের দাভিদ রাইয়া। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ক্লাব ফুটবলে দারুণ মৌসুম কাটিয়েছেন দুজনই।
বার্সেলোনার লা লিগা ও কোপা দেল রে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গার্সিয়া। অন্যদিকে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা ছিল রাইয়ার।
আর্জেন্টিনার মার্তিনেসও আছেন দৌড়ে
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও রয়েছেন ১০ জনের তালিকায়।
বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত ১০ জন হলেন—তিবো কোর্তোয়া, জোয়ান গার্সিয়া, গ্রেগর কোবেল, এমিলিয়ানো মার্তিনেস, এদুয়াঁ মঁদি, দাভিদ রাইয়া, ইয়াসিন বোনু, মাতভেই সাফানভ, উনাই সিমন ও ভজিনিয়া।
স্বদেশ প্রতিদিন/এফএইচ