প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম

ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। মর্মান্তিক এ ঘটনায় কারণ ও দায় নির্ধারণে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভবনধসের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য গ্রহণ করেন আদালত। এর পরই ঘটনাটি নিয়ে তদন্তের বিষয়টি গুরুত্ব পায়।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে শিক্ষার্থীদের জন্য পেয়িং গেস্ট (পিজি) হিসেবে ব্যবহৃত ভবনটি ধসে পড়ে। আকস্মিক এ ঘটনায় ভবনের ভেতরে থাকা কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
ঘটনার পর থেকেই ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী, দিল্লি পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
ভবনধসের ঘটনায় প্রাণহানির পাশাপাশি দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় পিজি আবাসনগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। ভবন নির্মাণের সময় অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
বিশেষ করে অতিরিক্ত তলা নির্মাণ, ভবনের কাঠামোগত নিরাপত্তা এবং অগ্নিনিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল কি না—এসব বিষয় তদন্তের আওতায় আসতে পারে। হাইকোর্টের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশের ফলে ভবনধসের প্রকৃত কারণ এবং সম্ভাব্য অবহেলা বা অনিয়মের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি