প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল—তা খতিয়ে দেখা প্রয়োজন। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, এম সাইফুর রহমান ছিলেন দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে তার ভূমিকা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছিল। ফলে তার মৃত্যুর ঘটনাকে ঘিরে কোনো প্রশ্ন থাকলে সেটি যথাযথভাবে অনুসন্ধান করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
তিনি বলেন, দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যু কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা ছিল কি না, নাকি এর পেছনে জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র ছিল—এ বিষয়টি অনুসন্ধানের মাধ্যমে পরিষ্কার হওয়া দরকার।
রিজভীর ভাষ্য অনুযায়ী, অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমানের বিভিন্ন অর্থনৈতিক ও কৃষিভিত্তিক কর্মসূচি দেশের দারিদ্র্য কমানো এবং অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল। তিনি দাবি করেন, সাইফুর রহমানের নীতির ফলে কৃষি অর্থনীতি ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নেও অগ্রগতি হয়েছিল।
সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করে রিজভী আরও বলেন, তার সময় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। সামাজিক নিরাপত্তার ধারণা প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছিলেন বলে দাবি করেন বিএনপির এই নেতা।
শেয়ারবাজার প্রসঙ্গেও রিজভী সাইফুর রহমানের সময়কার অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। তার দাবি, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে শেয়ারবাজারে লুটপাট হয়নি এবং দেশের অর্থনীতিকে একটি শক্ত অবস্থানে নিতে তিনি বড় ভূমিকা রেখেছেন।
রিজভী আরও বলেন, সাইফুর রহমানের অর্থনৈতিক নীতি ও ব্যবস্থাপনার অভিজ্ঞতা অনুসরণ করে বাংলাদেশকে আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তার মতে, দেশের অর্থনীতিতে সাইফুর রহমানের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি