| শিরোনাম: |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেছেন, রাজনীতিতে গডফাদার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আধিপত্যের ধারণা ভাঙতে পারবে এনসিপি। তিনি বলেন, যারা সৎ ও যোগ্য, তাদেরও রাজনীতিতে সুযোগ পাওয়ার যোগ্যতা রয়েছে এবং এনসিপি সেই সুযোগ নিশ্চিত করতে চায়।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. তাসনিম জারা বলেন, মানুষের মধ্যে প্রচলিত ধারণা অনুযায়ী, রাজনীতি শুধুমাত্র খারাপ মানুষ করে। যারা এলাকার গডফাদার বা সন্ত্রাসী, তারা এমপি ও নেতা হয়, আর সৎ মানুষ কখনও সুযোগ পায় না। এনসিপি সেই ধারা ভাঙার লক্ষ্যে কাজ করছে।
তিনি আরও বলেন, যারা যোগ্য ও সৎ, তাদেরকে জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠানো হবে। এজন্য মনোনয়ন আবেদন ফরম উন্মুক্ত রাখা হয়েছে এবং অনলাইন-অফলাইন উভয় মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। নতুন প্রক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে যে কেউ মনোনয়ন আবেদন করতে পারছে, যাতে রাজনীতি কিছু পরিবার বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে।
ডা. তাসনিম জারা জানান, ইতিমধ্যে বিপুল উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আইনজীবী, চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার মানুষ এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, যারা আগে কখনও রাজনীতিতে অংশ নেননি। এবার তাদের সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও যোগ করেন, এনসিপি রাজনীতিতে জবাবদিহিতা ও নতুন ধারার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়। সেই প্রক্রিয়ায় যোগ্য ও সৎ মানুষদের রাজনীতিতে নিয়ে আসাই মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ