প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:২১ পিএম

সংগৃহীত ছবি
সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। নতুনভাবে, প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৩.২৫ পয়সা বৃদ্ধি পেয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দাম ছিল ১৬ টাকা প্রতি ঘনমিটার।
আজ রবিবার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে।
এর আগে পেট্রোবাংলাসহ গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম সর্বোচ্চ ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিইআরসির কাছে পেশ করেছিল। এই প্রস্তাবের পর কমিশন গণশুনানির আয়োজন করে।
গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, যা জনসাধারণের উদ্বেগের বিষয়। তবে কৃষক এবং কৃষি খাতকে অবশ্যই বিবেচনায় রাখা হবে।
তিনি আরও উল্লেখ করেন, যদিও জিডিপিতে কৃষির অংশ কম, তবু খাদ্যের নিরাপত্তা এবং কর্মসংস্থানের গুরুত্ব বিবেচনায় আনতে হবে। এছাড়া এলএনজি আমদানি সংক্রান্ত খরচও মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।