প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:৫৩ AM

সংগৃহীত ছবি
‘গত দশ বছরে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী কোনো ভূমিকা রাখেনি’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একজন অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ। জাতি তার নিকট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের অসত্য ও মনগড়া বক্তব্য আশা করে না। ‘গত ১০ বছরে জামায়াতে ইসলামী দৃশ্যমান কোনো আন্দোলন করেনি’ মর্মে তিনি ২২ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হল- ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনী আন্দোলনরত জনতার উপর জুলুম-নির্যাতনের যে স্টিমরোলার চালিয়েছিল; জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে কয়েক মিনিটের মধ্যেই প্রবল প্রতিরোধ গড়ে তুলে রাজপথ মুক্ত করেছিল। এ সময় ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ঢাকার রাজপথে আন্দোলনরত নিরীহ ছাত্রজনতার উপর ভয়াবহ পৈশাচিক হামলা চালিয়েছিল। জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রবল প্রতি গড়ে তুলেছিল।
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনসংগ্রামে জামায়াতে ইসলামী কারো সাথে আপস করেনি। জামায়াতে ইসলামী সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ছিল। স্বৈরাচারী শেখ হাসিনার সরকার জামায়াতে ইসলামীর ৫ জন শীর্ষ নেতাকে সাজানো ও মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করে এবং আরও ৫ জন শীর্ষ নেতাকে বিচারের নামে প্রহসন করে কারাগারে বন্দি রেখে তিলে তিলে হত্যা করে।
বিবৃতিতে আরো বলা হয়, জামায়াতে ইসলামীর তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে প্রায় দীর্ঘ ১৪ বছর মানবতাবিরোধী অপরাধের নামে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে আটক রেখেছিল। তিনি দীর্ঘ কারাভোগের পর আইনি লড়াই করে দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে জনতার মাঝে ফিরে এসেছেন।
দেশবাসী দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রক্তক্ষয় করে ফ্যাসিবাদকে বিদায় করেছে। সেই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলার পরিবর্তে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ গ্রহণযোগ্য নয়, উল্লেখ করেন জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ