প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম

মীরসরাইয়ে একটি বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অতিথিদের স্বর্ণালংকার ও ঘরে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রাখা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আনোয়ার জানান, শুক্রবার দুপুরে পাশের বাড়িতে তার ভাগ্নির বিয়ের অনুষ্ঠান হয়। প্রায় দেড় হাজার অতিথির আপ্যায়ন ও আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টার দিকে কনে বিদায়ের পর অধিকাংশ অতিথি চলে গেলেও কিছু নিকট আত্মীয় বাড়িতে অবস্থান করেন। রাত তিনটার দিকে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, বাড়ির প্রধান দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে। ডাকাতরা ঘরের সব সদস্য ও অতিথিদের বেঁধে রেখে ১০ থেকে ১২ জন অতিথির হাত, গলা ও কানে থাকা আনুমানিক ১৫ ভরি স্বর্ণালংকার এবং ঘরে থাকা প্রায় এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতির বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আশপাশে পুলিশের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাত দল বাড়ির পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। এটি মহাসড়ককেন্দ্রিক একটি সংঘবদ্ধ ডাকাত দল হতে পারে। তারা দ্রুত হামলা চালিয়ে পালিয়ে যায়। ডাকাত চক্রকে গ্রেপ্তারে অভিযান চলছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস