প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:১৯ পিএম

ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুগন্ধা নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৬৮০ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ১৩ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে নিম্নমানের বালু, ব্লক তৈরিতে বালুর অনুপাতে কম সিমেন্ট এবং কম ওজনের জিও ব্যাগ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে একজন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (এসও) কে ইতোমধ্যে প্রকল্প থেকে প্রত্যাহার করা হয়েছে।
নদীর ঝুঁকিপূর্ণ ভাঙন এলাকা সুরক্ষা দিতে জিও ব্যাগ না ফেলার অভিযোগও উঠেছে। বহু অনিয়মে প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শুরু না করায় নির্বাহী প্রকৌশলী কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন। এর মধ্যেই প্রায় ১০০ কোটি টাকার বিল পরিশোধ হয়ে গেছে।
একনেক অনুমোদিত এই প্রকল্পের ব্যয় নির্ধারিত হয়েছে ৬৮০ কোটি ৩৬ লাখ টাকা। ‘জেলা সদর ও নলছিটি উপজেলাকে সুগন্ধা নদীর ভাঙন থেকে সুরক্ষা’ শীর্ষক প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৩.২১৫ কিলোমিটার। ২০২৪ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হয়েছে, শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুনে।
প্রকল্পের আওতায় ঝালকাঠি সদর উপজেলায় ১৮টি এবং নলছিটি উপজেলায় ১৬টি—মোট ৩৪টি প্যাকেজে কাজ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়েছে মাত্র ১৭টি। বাকি প্যাকেজগুলোর কাজ অদ্যাবধি শুরুই হয়নি।
প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ক এসিস্ট্যান্ট পংকজ কুমার সরকার বলেন, “১.৫০ এফএম মানের বালু দেওয়ার নিয়ম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এমভিবি ও এমটিআই (জয়েন্ট ভেঞ্চার) ১.৩৭ এফএম পর্যন্ত নিম্নমানের বালু ব্যবহার করেছে। টাস্কফোর্স এ বালু বাতিল করেছে।” তিনি জানান, অনিয়মের কারণে দায়িত্বপ্রাপ্ত এসও তানভীর শাহরিয়াকে প্রত্যাহার করা হয়েছে।
চর ভাটারাকান্দার বাসিন্দা জামাল হোসেন অভিযোগ করেন, “যেখানে নদীর গভীরতা বেশি সেখানে জিও ব্যাগ ফেলা হয় না। জিও ব্যাগে বালুর পরিমাণ কম থাকায় টাস্কফোর্স ৪০০ বস্তা বাতিল করেছে।”
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা বলেন, “লোকবল সংকট রয়েছে। তাই সব জায়গায় সময়মতো তদারকি করা সম্ভব হয় না।”
প্রকল্পের সার্বিক অনিয়ম বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক (পিডি) পার্থ প্রতিম সাহা বলেন, “বিষয়টি আপনাদের কাছ থেকেই জানলাম। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে