প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:২১ পিএম

সংগৃহীত ছবি
দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবা প্রাপ্তিতে হয়রানি রোধের লক্ষ্যে সিলেটে ১৯১তম গণশুনানি আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) কবি নজরুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজন করা গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।
দুদক সূত্রে জানা যায়, গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানি বা বঞ্চনার শিকার সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ উত্থাপন করবেন। একই সঙ্গে কমিশন উক্ত অভিযোগের ওপর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে।
সিলেট জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন এবং অভিযোগ বাক্স স্থাপনসহ গণমাধ্যমে প্রচার করে জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দুদক সিলেটের সব নাগরিক ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের গণশুনানিতে অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকার অনুরোধ করেছে।