প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:৫১ AM

সংগৃহীত ছবি
তিন দিনের সরকারি সফরে আজ শনিবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের। তার এ সফরকালে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ তিনটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকায় অবতরণের পর ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করাই এই সফরের মূল উদ্দেশ্য।
পররাষ্ট্রসচিব মো. আসাদ আলম সিয়াম জানান, আজ সকালে শেরিং তোবগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। সেখানে তাঁকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে। পরে প্রতিনিধি দলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরের অংশ হিসেবে শেরিং তোবগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিন দিনের এ সফর শেষে তিনি আগামী সোমবার সকালে ঢাকা ত্যাগ করে থিম্পুর উদ্দেশে রওনা করবেন।