প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:৫৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের শক্তিশালী তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাবে—এমন প্রত্যাশা দুর্বল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ১২টা ১৩ মিনিট (জিএমটি) পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলার। সপ্তাহজুড়ে স্বর্ণের মোট পতনও ০.৯ শতাংশ। ডিসেম্বর ডেলিভারিভিত্তিক মার্কিন ফিউচার স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলার।
উইজডমট্রির কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিটেশ শাহ বলেন, “শ্রমবাজারের শক্তিশালী তথ্য সুদের হার কমানোর সম্ভাবনাকে দুর্বল করেছে। এর ফলেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।”
বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন চাকরি প্রতিবেদনে দেখা যায়, নন-ফার্ম পেরোল ১১৯,০০০ বেড়েছে, যা পূর্বাভাসের (৫০,০০০) দ্বিগুণেরও বেশি। তবে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ডিসেম্বরের ফেড সভার আগে নতুন কোনো চাকরি প্রতিবেদন প্রকাশিত হবে না। এই পরিস্থিতিতে বাজারের ট্রেডাররা এখন মাত্র ৪১% সম্ভাবনা দেখছেন যে, ফেড সুদ কমাতে পারে। সুদহার কমলে সাধারণত স্বর্ণের চাহিদা বাড়ে, কারণ স্বর্ণ তখন বিকল্প বিনিয়োগ হিসেবে বেশি আকর্ষণীয় হয়।
এদিকে ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক সতর্ক করে বলেছেন, বর্তমান মুদ্রাস্ফীতির অবস্থায় আরও সুদহার কমানো ঝুঁকিপূর্ণ হতে পারে।
অন্যদিকে এ সপ্তাহে এশিয়ার প্রধান বাজারগুলোতে শারীরিক স্বর্ণের চাহিদা দুর্বল ছিল। সুদহার ওঠানামা ও বাজারের অনিশ্চয়তা সম্ভাব্য ক্রেতাদের স্বর্ণ কেনা থেকে বিরত রেখেছে।
সূত্র: রয়টার্সস্বদেশ প্রতিদিন/কেআইকে