প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় গ্রেপ্তার ৬৪, অস্ত্র–মাদক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় “অপারেশন ফার্স্ট লাইট-২” পরিচালনা করে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী রেঞ্জ পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চলে। এতে উদ্ধার করা হয় ১টি ধারালো রামদা, ১টি লোহার ছুরি, ৪টি হাসুয়া, ১টি গাছ কাটার ইলেকট্রিক করাত, ৮টি লোহার রড, ১০০ পিস ট্যাপেন্ডাডল, ৪৬ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজা।
শুক্রবার (২১ নভেম্বর) রাজশাহীর উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) নওরোজ হাসান তালুকদার।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অস্ত্র-বিস্ফোরক ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার–এ লক্ষ্যেই এ বিশেষ অভিযান চালানো হয়। রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনায় প্রায় আড়াইশত পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। জেলার বিভিন্ন এলাকায় চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে পুরো রাজশাহী বিভাগজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৪১ জন ও নওগাঁয় ২৩ জনসহ মোট ৬৪ জন গ্রেপ্তার হয়। তাদের মধ্যে— চিহ্নিত ডাকাত ১১ জন, সন্ত্রাসবিরোধী কার্যকলাপে ৩ জন, বিস্ফোরক আইনে ১ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১৮ জন, চিহ্নিত চোর ৭ জন, নিয়মিত মামলায় ১১ জন এবং মাদক কারবারে জড়িত ১৩ জন রয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর পদ্মার চরে পুলিশ, র্যাব ও এপিবিএন যৌথভাবে “অপারেশন ফার্স্ট লাইট” পরিচালনা করে ৬৭ জনকে আটক করেছিল।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ