প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:৩২ AM

দিনাজপুরের হাকিমপুরে কয়েকদিন ধরে লোকালয়ে ঘুরে বেড়ানো মুখপোড়া এক হনুমানকে অবশেষে উদ্ধার করে চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। কখনো উপজেলা পরিষদ চত্বরের গাছে, কখনো আবার বাড়ির ছাদে দেখা মিলছিল দলছুট প্রাণীটির। বুধবার প্রাণিসম্পদ দফতর হনুমানটিকে খাঁচাবন্দি করে রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পাঠায়।
স্থানীয়রা জানান, গত রবিবার প্রথম উপজেলাচত্বরে হনুমানটি চোখে পড়ে। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করতে থাকেন। একপর্যায়ে প্রাণীটি কৃষি অফিসের সিঁড়ির নিচে আশ্রয় নেয়। ভিড় বাড়তে থাকায় অফিসের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হয়। এ বিষয়ে বন বিভাগকে জানানো হলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি। পরে বুধবার প্রাণিসম্পদ দফতরের কর্মীরা হনুমানটিকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধার অভিযানের খবর ছড়িয়ে পড়লে প্রাণিসম্পদ দফতরে ভিড় করেন অনেকেই। চার বছর বয়সী নাতনিকে নিয়ে আসা মোমেনা বেগম বলেন, “নাতনি শুনেছে হনুমান ধরা হয়েছে, তাই বায়না ধরল দেখতে আসতে। ও খুব খুশি হয়েছে। আমিও বহু বছর পর হনুমান দেখলাম, ভালো লাগছে।”
শিশু নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মালিহা জান্নাত জানায়, “আমি দুটি কলা দিতে চেয়েছিলাম, কিন্তু সে খায়নি। হয়তো ভয় পেয়েছে।”
প্রাণিসম্পদ দফতরের ভেটেরিনারি সার্জন ডা. মোনতাসির মামুন জানান, হাকিমপুর আশপাশে কোনো বনজঙ্গল না থাকায় ধারণা করা হচ্ছে হনুমানটি ভারত সীমান্ত এলাকা থেকে এসেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে সুস্থ বলে নিশ্চিত করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে