| শিরোনাম: |

গাজীপুরের কালিয়াকৈরে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা বার্ণ ইনস্টিটিউটে পাঠিয়েছেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা বাজারে অবস্থিত রোমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কাজ চলাকালীন হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এ সময় ভেতরে থাকা দুই কর্মী দগ্ধ হন। তাদের উদ্ধারে আরও দু’জন এগিয়ে গেলে তারাও আগুনে পুড়ে যান। পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে নিকটবর্তী ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরি জানান, সিলিন্ডার লিকেজের ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন। বড় ধরনের অগ্নিকাণ্ড না ঘটলেও এতে মোট চারজন দগ্ধ হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ