প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:১৬ পিএম

"নারীতন্ত্রের ক্ষমতা, ভেঙে করো সমতা" এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশ্ব পুরুষ দিবস উদযাপন-২০২৫ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকালে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে আলোচনা সভা ও উপজেলার প্রধান সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, 'এইড ফর মেন ফাউন্ডেশন' সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি এডভোকেট সফর উদ্দিন সবুর (সুপ্রিম কোর্ট), সাধারণ সম্পাদক ডা. একেএম মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন রাব্বি, সোনারগাঁও পৌরসভার সভাপতি বাবু, মোগরাপাড়া ইউনিয়ন সভাপতি মো. মামুনসহ সংগঠনের সদস্য বৃন্দ।
"আন্তর্জাতিক পুরুষ দিবস" বা বিশ্ব পুরুষ দিবস বিশ্বের ৭০টিরও বেশি দেশে এই দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির মূল লক্ষ্য হলো—পুরুষ ও বালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, পুরুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সমাজে তাদের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরা।
উল্লেখ্য, ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের অধ্যাপক টমাস ওস্টার প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা সামনে আনেন। সেবার দিবসটি ফেব্রুয়ারিতে পালন করা হলেও ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসবিদ জেরোম তিলক সিংয়ের উদ্যোগে তা আনুষ্ঠানিকভাবে ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/ এমএস