প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার বাহিনী প্রস্তুত রয়েছে, মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. মাহবুবুর রহমান।
বুধবার (১৯ নভেম্বর) সকালে ফেনী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আনসার বাহিনীর সুনাম অনেক দূরে এগিয়ে যাবে। সরকারের জন্য গুরুত্বপূর্ণ এ নির্বাচন আনসার বাহিনীর কাছে অতীতের যে কোনও নির্বাচনের চেয়ে বেশি চ্যালেঞ্জিং। সরকার সারাদেশে তরুণ প্রজন্মের শিক্ষিত, বেকার ও উদ্যামী যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছে। এই প্রশিক্ষণকে দেশের কাজে ব্যবহার করতে হবে। বেকার যুবকদের আত্মনির্ভরশীল করতে সরকার আনসার ভিডিপির সদস্যদের কম্পিউটার, সেলাই, অস্ত্রসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে।
আগামী নির্বাচনে আনসার বাহিনী সারাদেশে সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্র মনিটরিং করবে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় অন্য আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে যাবে। এই সফটওয়্যারের মাধ্যমে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মেসেজ যাবে। তিনি বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আনসার বাহিনীর প্রধান চ্যালেঞ্জ।
মাহবুবুর রহমান আরও বলেন, আনসার বাহিনী যদি প্রতিটি কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, অন্য বাহিনীও তাদের দায়িত্ব পালন করতে সাহস পাবে। আনসার বাহিনীর আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ ৬ জেলার বিভিন্ন উপজেলার মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ও দিকনির্দেশনা দেন কুমিল্লা রেঞ্জের পরিচালক মোঃ মাহবুবুর রহমান। এ সময় ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ হেলান উদ্দিন ও জেলা এডজুটেন্ট বিবি কুলসুম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১ হাজার ৫ শত প্রশিক্ষণার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।