প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ অবলোপনে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে নির্দেশনাও জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এখন থেকে কোনো ঋণ মন্দ (Bad) বা ক্ষতিজনক (Loss) হিসেবে শ্রেণিকৃত হলে এবং তা আদায় হওয়ার সম্ভাবনা না থাকলে—সময়সীমা অপেক্ষা না করে অবলোপন করা যাবে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এমন সব মন্দ ও ক্ষতিজনক ঋণ অবলোপন করা যাবে। তবে পুরোনো শ্রেণিকৃত ঋণগুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি অবলোপনের কমপক্ষে ১০ কর্মদিবস আগে ঋণগ্রহীতাকে নোটিশ দিয়ে বিষয়টি জানাতে হবে।
নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও নির্দেশনায় জানানো হয়।
উল্লেখ্য, এ সার্কুলারের মাধ্যমে বিআরপিডি সার্কুলার নং-০৪/২০২৪–এর অনুচ্ছেদ ২(১)-এর পূর্বের শর্ত—অর্থাৎ দুই বছর ধরে ধারাবাহিকভাবে মন্দ বা ক্ষতিজনক মানে থাকা ঋণই শুধু অবলোপনযোগ্য—বাতিল করা হলো।
স্বদেশ প্রতিদিন/ এমএস