প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৭:২৫ PM

সংগৃহীত ছবি
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টে ১০৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই নম্বর ১৫। ম্যাথিউ হামফ্রিসকে কাভার দিয়ে চার মেরে হাফ সেঞ্চুরিতে পৌছান বাংলাদেশি এই ব্যাটার।
এদিন মুশফিকের হাফ সেঞ্চুরির পর মুমিনুল হকের আরেক চারে দুশ রানে পৌঁছে যায় টিম বাংলাদেশ। এরপর অবশ্য মুমিনুল এরপর টিকতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১২৮ বলে ৬৩ রান করা এই ব্যাটার। চতুর্থ উইকেটে এই দুজনে যোগ করেছেন ১০৭ রান।
এরপর মুমিনুলের বিদায়ে উইকেটে এসেছেন লিটন দাস। মুশফিককে সঙ্গী করে জুটি গড়ছেন লিটন। ইতোমধ্যেই টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান করেছেন তিনি।
তবে শততম টেস্টে আজ সেঞ্চুরি করা হলো না মুশফিকের, অপরাজিত আছেন ৯৯ রানে। মুশফিকের ৯৯* ও মুমিনুলের ফিফটিতে বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। নাজমুল ছাড়া সবাই শুরুটা ভালো করেছেন। ওপেনার সাদমান করেছেন ৩৫, মাহমুদুল ৩৫। লিটন অপরাজিত আছেন ৪৭ রান নিয়ে।
এদিন আইসিসির পাশাপাশি মুশফিককে তার শততম টেস্টে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ও দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং, সাকিব আল হাসানসহ আরো অনেকে।