প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:১৩ পিএম

সংগৃহীত ছবি
সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী বিভাগে নতুন নেতৃত্ব আনল। মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্থায়ী কমিটিগুলোর পুনর্গঠন করা হয়েছে এবং সেই অনুযায়ী নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রুবাবা দৌলাকে।
বিসিবি নির্বাচনের পর গত ৬ জুন স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়। তবে তখন রুবাবা দৌলা বোর্ডের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন না। চলতি মাসের ৩ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়।
এবার আবদুর রাজ্জাকের স্থলাভিষিক্ত হয়ে নারী বিভাগের প্রধানের দায়িত্ব নেন রুবাবা দৌলা। দীর্ঘদিন এই বিভাগের দায়িত্বে থাকা আবদুর রাজ্জাককে এখন ভাইস চেয়ারম্যান করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সাবেক স্পিনার রাজ্জাককে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগে এইচপির প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। যিনি এখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত নারী বিভাগের দায়িত্বে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে তিনি বিপিএল গভর্নিং কাউন্সিল ও ওয়ার্কিং কমিটির দায়িত্ব পালন করছেন। রুবাবা দৌলার নেতৃত্বে নারী ক্রিকেট বিভাগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ