প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর বাস্তবায়িত “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী কৃষকদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় আটোয়ারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. রবিউল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি পলিথিনের ব্যবহার পরিহার করে পাটজাত পণ্যের ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “পাটকে সোনালী আঁশ বলা হয়। এই ফসলকে রক্ষা ও সম্প্রসারণে সরকার উল্লেখযোগ্য ভর্তুকি দিয়ে থাকে। পাটের উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে কৃষকদের আরও সচেতন হতে হবে।” এছাড়া সরকারি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
পাট অধিদপ্তরের উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. ইমরান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দীলিপ কুমার মালাকার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটবীজ উৎপাদন, ফলন বৃদ্ধির কৌশল এবং বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
কর্মসূচিতে স্থানীয় পাটচাষী, সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে